নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বছরব্যাপী কর্মমূল্যায়নের ভিত্তিতে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়।
সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে "টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জয় রায়কে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. শামীমা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আলাউদ্দিন শেখ ও দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফ আফজাল।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জয় রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং কৃষি উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।